
পথিক কবি,স্টাফ রিপোর্টার:
টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে বাগেরহাট শহর ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। কাঁচা বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে চরম দুর্বিষহ।
স্থানীয়রা জানিয়েছেন, পানি জমে থাকায় মানুষ স্বাভাবিকভাবে ঘর থেকে বের হতে পারছেন না। এতে কর্মজীবী মানুষের কর্মস্থলে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কাজের সুযোগও ব্যাপকভাবে কমে গেছে।
এদিকে, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে দুই থেকে তিন গুণ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
কৃষি খাতেও দেখা দিয়েছে বড় ধরনের সংকট। পাকা ধান পানির নিচে ডুবে যাওয়ায় কৃষকরা ফসলহানির আশঙ্কায় উদ্বিগ্ন। সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অনেক কৃষককে ক্ষেতের পাশে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, শহরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। অধিকাংশ ড্রেন অকার্যকর বা অপর্যাপ্ত হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এছাড়া দড়াটানা নদীর সঙ্গে মাঠের পানি নিষ্কাশনের পর্যাপ্ত সংযোগ না থাকায় সমস্যাটি আরও তীব্র হয়েছে।
প্রতিবছর বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হয় বলে জানান এলাকাবাসী। তারা দ্রুত সরকারি উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেন সংস্কার এবং মাঠের পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে বাগেরহাটবাসী এই দুর্ভোগ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে।