মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির মুখ দেখতে শুরু করেছে খুলনার পাইকগাছা উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে একযোগে ৮ জন নতুন মেডিকেল অফিসার যোগদান করেছেন।
দীর্ঘ সময় ধরে চিকিৎসক স্বল্পতার কারণে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবার মান ব্যাহত হচ্ছিল এবং রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। জরুরি বিভাগেও পর্যাপ্ত জনবল না থাকায় সেবাদান কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা যায়।
এ পরিস্থিতিতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় সংবাদ প্রকাশ ও প্রতিবেদন তৈরি করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। অবশেষে একসঙ্গে ৮ জন মেডিকেল অফিসারের যোগদানের মাধ্যমে দীর্ঘদিনের এ সংকট অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন যোগদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। এর ফলে জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রমে গতি আসবে এবং রোগীরা দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
উপজেলাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এখন থেকে স্বাস্থ্যসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।