
মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার
সলঙ্গা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। তার এই মনোনয়নের খবরে উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিরাজগঞ্জ-এর পরিবর্তে নতুন করে এডহক কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম রফিককে দায়িত্ব প্রদান করা হয়েছে। সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
রফিকুল ইসলাম রফিক উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কৃতি সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের মতে, একজন অভিজ্ঞ ও শিক্ষাবান্ধব সংগঠক হিসেবে রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে উল্লাপাড়া কামিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। বিশেষ করে আধুনিক শিক্ষাব্যবস্থা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।
এ বিষয়ে বক্তব্য জানতে উল্লাপাড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এদিকে, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, শিক্ষক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে উল্লাপাড়া কামিল মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিকায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।