
সরাইল উপজেলা প্রতিনিধি: সোহরাব আহমেদ :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী চুন্টা বাজারে খাবার পানির একমাত্র নির্ভরযোগ্য টিউবওয়েলটি দীর্ঘ ৬ মাস ধরে বিকল হয়ে পেছনের অবস্থায় রয়েছে। এর ফলে বাজারের ব্যবসায়ী, পথচারী এবং প্রতিদিন কেনাকাটা করতে আসা শত শত ক্রেতা চরম খাবার পানির সংকটে পড়েছেন। পরিস্থিতি সমাধানে বাজার পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে টিউবওয়েলটি মেরামতের আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন চুন্টা বাজারে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটার জন্য সমবেত হন। বাজারের কেন্দ্রস্থলে স্থাপন করা এই টিউবওয়েলটিই ছিল ব্যবসায়ী ও সাধারণ মানুষের একমাত্র সুপেয় পানির উৎস। তবে গত ৬ মাস ধরে এটি অকেজো হয়ে পড়ে থাকলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে কিংবা চড়া দামে পানি কিনে পান করতে হচ্ছে।
চুন্টা বাজারের কয়েকজন ব্যবসায়ী আক্ষেপ প্রকাশ করে বলেন, "বাজারের মতো জনবহুল একটি স্থানে ৬ মাস ধরে পানির টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে। বিষয়টি বারবার দৃষ্টিগোচর করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে গরমের দিনে এবং দীর্ঘ সময় বাজারে অবস্থানকালে পানির জন্য চরম বিপাকে পড়তে হয়।"
ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য ও স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে এই টিউবওয়েলটি মেরামত করা না হলে পানির কষ্ট আরও প্রকট রূপ নেবে। তারা বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় ইউপি পরিষদের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত এটি সচল করার জোর দাবি জানিয়েছেন।