
কাঁঠালিয়ায় ওসি আবু নাছের রায়হানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মো: সাইফুল ইসলাম রানা,স্টপ রিপোর্টার:জাতীয় পত্রিকা একুশে নিউজ পেপার,
ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, ওসি মো. আবু নাছের রায়হান কাঁঠালিয়া থানায় যোগদানের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অপরাধী গ্রেফতারে তিনি অত্যন্ত দক্ষতা ও সততার পরিচয় দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এমন পরিস্থিতিতে তাকে আকস্মিক বদলি করার খবরে স্থানীয় জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ওসি আবু নাছের রায়হান কাঁঠালিয়াকে একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। তাঁর এই কঠোর ও গতিশীল কর্মকাণ্ডে যখন অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে একটি কুচক্রী মহলের ইন্ধনে তাঁর এই বদলির আদেশ দেওয়া হয়েছে। বক্তারা অনতিবিলম্বে এই জনস্বার্থবিরোধী বদলি আদেশ প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।