
কাঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি:
মো : সাইফুল ইসলাম রানা
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার বিকল্প নেই। নিরক্ষরতা দূর করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় নিরক্ষরমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম. জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।