
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় এক ব্যবসায়ির বাড়িতে ঢুকে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় রহিমা খানম গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন। অভিযোগে শের আলী চৌধুরী, বাদল চৌধুরী, আব্দুল হাই চৌধুরী, বিপুল ও ইসা চৌধুরীসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৪ আগস্ট ভোরে অভিযুক্তরা দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাঙচুর ও তছনছ করেন। পরে ঘরের ড্রয়ারে থাকা নগদ ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া ভাঙচুরে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর স্বামী ও সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শের আলী চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোল্যা আফজাল হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”