
মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।
চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। ঈদের দ্বিতীয় দিনে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ সমন্বিত শিশু পরিবার ও এতিমখানার ২১০ জন অভিভাবকহীন এতিম শিশুর মুখে হাসি ফোটালেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আজ রবিবার (ঈদের দ্বিতীয় দিন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এতিমখানায় উপস্থিত হয়ে শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে ২১০ জন শিশুর প্রত্যেকের হাতে ঈদের সেলামি ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি সেলামি ও উপহার পেয়ে শিশুদের মাঝে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতিমখানার ছোট ছোট শিশুরা তাদের খুশির কথা ব্যক্ত করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, "ঈদের আনন্দ সবার জন্য। এই ২১০ জন শিশু যাতে নিজেদের একা মনে না করে এবং ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। শিশুদের মুখে এই নির্মল হাসি দেখতে পাওয়াটাই আমাদের জন্য বড় পাওয়া।"
উপজেলা প্রশাসনের এমন মানবিক ও আন্তরিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।