
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার মানুষ নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়ন ও জাতীয় ঐক্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের সৌন্দর্য নিহিত এবং পার্বত্য অঞ্চলের সংস্কৃতি সেই বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।
শনিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়াম-এ চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবারের উদ্যোগে আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার পাশাপাশি দেশের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, চট্টগ্রামে কর্মরত পাহাড়ি প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীরা দক্ষতা ও মেধার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখছেন।
তিনি বলেন, “নিজস্ব সংস্কৃতিকে ধারণ করা মানে দেশের শেকড়কে শক্তিশালী করা। আমাদের উচিত নিজেদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশব্যাপী তা ছড়িয়ে দেওয়া।”
দীপেন দেওয়ান আরও বলেন, পার্বত্য জনগোষ্ঠীর সংস্কৃতি শুধু একটি অঞ্চলের সম্পদ নয়, এটি সমগ্র বাংলাদেশের গর্ব। তিনি সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উন্নয়নের পথে একসাথে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী পাহাড়ি জনগোষ্ঠীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার সব সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছে এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী প্রু মং রাখাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রকৌশলী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।