
সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে এক বিশাল গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। খুলনা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনমুখী সচেতনতা ও সংগঠনের রাজনৈতিক অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়।
শুক্রবার ১৯ ডিসেম্বর চাঁদখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বিশেষ করে চাঁদখালী বাজার এলাকায় আয়োজিত গণসংযোগে ব্যাপক জনসমাগম ঘটে, যা এলাকাবাসীর রাজনৈতিক আগ্রহ ও পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা থানা শাখার সহসভাপতি মাওলানা মোঃ আব্দুল আলীম। তিনি বলেন,“এই দেশ ও মানুষের অধিকার পুনরুদ্ধারে সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। মাওলানা আবুল কালাম আজাদ সেই নেতৃত্বের প্রতীক।”
এসময় আরও বক্তব্য রাখেন উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ মুকুল হোসেন, চাঁদখালী ওয়ার্ড সভাপতি মনজুরুল ইসলাম, ওয়ার্ড বায়তুল মাল কামরুল ইসলাম, বদরুল ইসলাম, শেখ বাবু, মোঃ আঃ রহমান, লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ বাহারুল ইসলাম ও ফজলুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো প্রকার বিশৃঙ্খলা, সন্ত্রাস কিংবা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে—এ বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।
গণসংযোগ সভায় বক্তারা স্পষ্টভাবে ঘোষণা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপশক্তি যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে এবং কোনো বিশৃঙ্খলাকারীকে ভোটকেন্দ্রে অবস্থান করতে দেওয়া হবে না।
হুসাইন সরদারের সঞ্চালনায় এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আরজান আলীর সভাপতিত্বে কর্মসূচিটি দৃঢ় অঙ্গীকার ও রাজনৈতিক প্রত্যয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।