
মোহাম্মদ কেতাবুল :
চাঁপাইনবাবগঞ্জ সদর, ৩০ মার্চ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম ইউনিয়নের রাবেয়া ফিলিংস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে প্রশাসন। অভিযানে অভিযুক্ত মোঃ সুজন আলীর বাড়ি থেকে এসব ডিজেল উদ্ধার করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানকালে সুজন আলীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, স্থানীয়ভাবে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ডিজেল সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। জনসাধারণকে অবৈধ জ্বালানি মজুত ও বাণিজ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।