জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত
শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি বলে জানা গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগসহ দোতলার ওয়ার্ডগুলোতে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বর নিয়ে শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন। রোগীর অতিরিক্ত চাপে হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে ধারণক্ষমতার বাইরে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
স্থানীয় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিনিয়ত ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর উপচেপড়া ভিড়ের মধ্যেও জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, রাত আনুমানিক ৯টার দিকে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
হাসপাতালের এমন পরিস্থিতিতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে শয্যাসংখ্যা বৃদ্ধি এবং পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মাসুক মিয়া
একুশে নিউজ
সিলেট প্রতিনিধি।