
শেখ মনিরুল ইসলাম:
সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত এবং বিক্রির অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলায় একটি তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনাও ঘটেছে, যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট অভিযানে পলাশপোল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খোকনকে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে আটক করা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সোমবার (৩০ মার্চ) ভোররাতে সাতক্ষীরা সদরের গাভা গ্রামে বিক্ষুব্ধ জনতা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে পুলিশে সোপর্দ করে। জানা যায়, মেঘনা গ্রুপের একজন ব্যক্তি ডিলার খুলনার ডিপো থেকে প্রায় সাত হাজার লিটার পেট্রোল নিয়ে দেবহাটা উপজেলার পারুলিয়ায় যাচ্ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দেবহাটা উপজেলার পারুলিয়ায় কোনো অনুমোদিত পেট্রোল পাম্প নেই। এ অবস্থায় ট্যাংকারটির গন্তব্য নিয়ে সন্দেহ তৈরি হলে জনতা সেটি জব্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ডিলার ব্যবসায়ী আব্দুল জলিল মেঘনা গ্রুপের একটি ডিলার পয়েন্টের চুক্তিপত্র দেখিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।