গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :- এস এম নজরুল ইসলাম
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কে-গৌরনদী উপজেলার বেজোহার বাসস্ট্যান্ডে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের ওই এলাকায় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।