"নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার"
স্টাফ রিপোর্টার, মোঃ দুলাল মিয়া জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য :(কেন্দ্রিয় কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস
18 July, 2026
নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পৃথক এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা।
ঘটনা-১: পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুঞ্জুর হোসেন রনি (২৬) ও মোঃ রিফাত মিয়া (১৮) নামের দুই যুবককে আটক করা হয়। আটককৃত রনি পলাশের ভাগ্যেরপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং রিফাত দড়িহাওলাপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা-২: গত ১৭ জুলাই ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় বেলাব থানার এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় ডিউটি চলাকালে ঢাকাগামী লেনের পাশে অবস্থিত 'মায়ের দোয়া বডি বিল্ডার্স' গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামী মহিন উদ্দিন (২৮) 'কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। গ্রেফতারকৃত মহিন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর (রেল স্টেশন সংলগ্ন) এলাকার আবুল কাশেমের ছেলে (পালিত পিতা- ইউনুছ আলী ওরফে ইনসাফ আলী)। তার বিরুদ্ধে বেলাব থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
ঘটনা-৩: মাধবদী থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৭ জুলাই থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। (জাতীয় সাপ্তাহিক একুশে)