নরসিংদী জেলা পুলিশ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পুলিশ সদস্যদের কল্যাণে দিকনির্দেশনা।
ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ ইকবাল হোসেন নরসিংদী জেলা পুলিশ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি নরসিংদী পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও মাধবদী বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। একই সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন।
সকালে নরসিংদী পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক ডিআইজি মোঃ ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি পুলিশ লাইন্সের পুকুরে পোনা মাছ অবমুক্ত ও কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন। পরে পুলিশ লাইন্সের নতুন ক্যান্টিনের উদ্বোধন করেন তিনি।
পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ সভা,
পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় শুনে সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সদস্যদের মধ্যে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।
রিজার্ভ অফিস ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন,
এরপর ডিআইজি নরসিংদী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি পুলিশ লাইন্স মেস, খাবারের মান, রান্নাঘর, পুলিশ হাসপাতাল, রেশন স্টোর, সি-স্টোর, ডি-স্টোর, ডেইরি ফার্ম, খেলার মাঠ, পুকুর ও প্রশিক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।
সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় করণীয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি।
পরে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশ নেন ডিআইজি। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে তিনি আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ পর্যালোচনা
প্রীতিভোজ শেষে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন ডিআইজি।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের চিত্র এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
মাধবদী বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে মাধবদী বাজারস্থ অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি। এ সময় তিনি ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
পুলিশের পেশাদারিত্ব, সদস্যদের কল্যাণ এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।