আহ্বান এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের,
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও সহিংসতামুক্ত করার আহ্বান জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।
মঙ্গলবার বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “বাঁশগাড়ি একসময় মেধাবী মানুষের জনপদ হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে মাদক ও সামাজিক অবক্ষয়ের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “পরিবার বা পরিচিতদের মধ্যে কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের সুপথে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তথ্য প্রশাসন বা পুলিশের কাছে পৌঁছে দিন। কোনো মাদক সম্রাটকে ছাড় দেওয়া হবে না।”
আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে এমপি বকুল বলেন, “মারামারি বা সহিংসতার রাজনীতি আর চলবে না। যারা অপরাধ করবে, তাদের বিচার আদালতেই হবে। আমরা এলাকায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই।”
অস্ত্রধারীদের উদ্দেশে তিনি জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাবেশ আয়োজন করা হবে, যেখানে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। অস্ত্র জমা দিয়ে এলাকায় শান্তি বজায় রাখলে সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “বাঁশগাড়িতে কোনো চাঁদাবাজি, খুন-খারাবি বা অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান কেয়া, আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, অধ্যাপক ড. জসিম উদ্দিন, সারোয়ার আলম, মুনমুন পাল, মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।
বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। জাতীয় পত্রিকা সাপ্তাহিক একুশে,