
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার্স।।
২১ ফেব্রুয়ারি, ২০২৬
জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
সকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিস্থিতি
উল্লেখ্য যে, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের এই নিষেধাজ্ঞা জারির পর থেকে সারা দেশে দলটির প্রকাশ্য কর্মকাণ্ড স্থবির থাকলেও, বকশিগঞ্জের বগারচরে ভাষা দিবসে নেতাকর্মীদের এই উপস্থিতি ও স্লোগান স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।