
আবু নাইম হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দশমিনা উপজেলা শাখার শুরা অধিবেশন ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এ সম্মেলনে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যারা মনে করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের পর হারিয়ে গেছে, দশমিনার আজকের এই বিশাল সম্মেলন তাদের সেই ধারণা বদলে দেবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আমরা দশমিনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আর.আই.এম. অহিদুজ্জামান। তিনি বলেন, “আমরা পদের জন্য কাজ করি না, ইসলামের জন্য কাজ করি। আমাদের মুরুব্বিরা যে দিকনির্দেশনা দেবেন, আমরা তা মেনে সামনের পথ চলবো।”
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি মো. জাহিদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, সদস্য মাসুদুল হাসান নুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজামাল, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জাকির হোসেন, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আফজাল হোসেন, যুব আন্দোলনের সভাপতি বাসির ইসলাম বাচ্চু এবং ছাত্র আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের একপর্যায়ে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৭-২০২৮ সেশনের নতুন উপজেলা কমিটি ঘোষণা করেন। এতে হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল-কে সভাপতি এবং মাওলানা রুহুল আমিন রুহানি-কে সেক্রেটারি হিসেবে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।