গাজীপুর প্রতিনিধি:
পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দেশের স্থিতিশীলতা রক্ষার আহ্বানে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আরিয়ান চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) গাজীপুরের ভোগড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে নেতৃত্বদানকারী মোঃ আরিয়ান চৌধুরী বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রসমাজকে সচেতন ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতা রক্ষা, ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।