মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে দেবদুয়ার গ্রামের রাজু হোসেন গাইনের ছেলে মোঃ সজিব হোসেন গাইন (১২) হামিজুদ্দিন গাজীর আম বাগানে আম পাড়তে গেলে একই গ্রামের মৃত শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ আজিম উদ্দিন গাজী (৪৭) তাকে বাধা দেন। এ সময় সজিবকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরবর্তীতে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রকিবুল গাইনের ছেলে আশিক গাইন (১৭) এবং আকবর আলী গাইনের ছেলে মোঃ শাহাবুদ্দিন গাইন (৩৭) মারধরের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তাদের ভাষ্য, আম পাড়ার বিষয়টি নিয়ে অভিযোগ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু একটি শিশুকে মারধর করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত সজিব হোসেনকে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আজিম উদ্দিন গাজীর সঙ্গে একুশে নিউজের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "রাজু হোসেনের ছেলে সজিব আমার চাচা হামিজুদ্দীন গাজীর আম গাছ থেকে আম পাড়ছিল। আমি তাকে বাধা দিলে সে আমাকে গালিগালাজ করে। এরই জেরে আমি তাকে মাথায় একটি চড় মারি। আমার চাচার আম বাগান আমি দেখাশোনা করি।"
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।