
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় গৃহস্থালি পুকুরে মাছ চাষ সম্প্রসারণ এবং পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপকারভোগী মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে ২০২৫-২৬ অর্থবছরের "ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)"-এর আওতায় এ বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্য অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে মনোসেক্স তেলাপিয়া, টেংরা ও বাটা মাছের পোনা, সিপি ফিড এবং বিভিন্ন প্রজাতির সবজি ও ফলজ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া এবং পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ইউপি সদস্য মশিউর রহমান মিলন এবং উপকারভোগী মৎস্য চাষিদের মধ্যে রেশমা খাতুন, মাহফুজা বেগম, অমরেশ কুমার মণ্ডল, হাবিবুর রহমান, কৃষ্ণা রাণী বাছাড় ও বিপুল কান্তি শীল।
অনুষ্ঠানে মোট ছয়জন প্রদর্শনী মৎস্য চাষির মাঝে মনোসেক্স তেলাপিয়া, টেংরা ও বাটা মাছের পোনা, সিপি ফিড এবং বিভিন্ন প্রজাতির সবজি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম গৃহস্থালি পুকুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে আগ্রহ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মাছ উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে এ প্রকল্প ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।