মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং 'মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০' বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে পরিবহনকৃত আনুমানিক ৪ লক্ষ প্রাকৃতিক উৎসের গলদা ও বাগদা চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়। পরে জব্দকৃত রেনুগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
রবিবার দুপুরে উপজেলার সোলাদানা অভিমুখে শিবসা ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
অভিযান চলাকালে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাকৃতিক উৎস থেকে নির্বিচারে গলদা ও বাগদা চিংড়ির রেনু সংগ্রহ দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এসব রেনু সংগ্রহের ফলে জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং নৌপুলিশের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির পোনাগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়, যাতে সেগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পাইকগাছা নৌপুলিশ। এ সময় মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর কঠোর বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।