মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছার সোলাদানা খেয়াঘাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলার ৩ ইউনিয়নের যাতায়াত ও পারাপারের জন্য জনগুরুত্বপূর্ণ সোলাদানা খেয়াঘাট সড়ক উন্নয়নে ২০২৫ ও ২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে "দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি" শীর্ষক প্রকল্পের আওতায় ২৫ লাখ টাকা বরাদ্দ হয়। এ বরাদ্দের আওতায় সংশ্লিষ্ট সড়কের উন্নয়নে মাটির রাস্তা সংস্কার, ইটের হেরিন বোন্ড ( এইচবিবি) এবং প্যালাসাইটিং কাজ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরাফ এন্টারপ্রাইজ। রবিবার থেকে স্কেভেটর দিয়ে কাজ শুরু করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ঠিকাদার প্রভাষক জাহাঙ্গীর আলম, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, রকি বিশ্বাস, আয়ুব জোয়ার্দার, জাকির সরদার, আসলাম পারভেজ, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর বিপ্লব মন্ডল ও চিরঞ্জীত মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজ শেষ হলে সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়ন সহ খুলনায় যাতায়াত সহজ হবে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।