
মোঃ শাহাদাত হোসাইন,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হয়ে জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, এভাবে নিজেকে গড়ে তুলতে পারলে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও পরিবারের সুনাম বৃদ্ধি পাবে।
সোমবার দুপুরে পৌর সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সংসদ সদস্য জানান, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে কলেজে ছাত্রীনিবাস নির্মাণ করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়ন, বিএম শাখাকে এমপিওভুক্তকরণ এবং কলেজটিকে জাতীয়করণের বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন।
কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।