
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।
বকশীগঞ্জ (জামালপুর) সোমবার, ১১ মে, ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি মূল্যে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তিনানী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার ওই এলাকার স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশেই রোজিনা আক্তারের বাড়ি। তিনি দীর্ঘ দিন ধরে তার নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুত করে আসছিলেন এবং সাধারণ মানুষের কাছে তা অতিরিক্ত দামে বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ মজুতের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কারসাজির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।।
বাজার নিয়ন্ত্রণে এবং এ ধরনের অবৈধ মজুত রোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।।