
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার্।।
তারিখ: ০৬ মে, ২০২৬
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভাধীন মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নকল লেভেল উদ্ধার করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে ১৩ কেইস অবৈধ মালামাল জব্দসহ এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পৌরসভার মোদক পাড়া গ্রামের শ্রী উত্তম কুমার মোদকের নিজ বসত বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়। জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে উত্তম কুমারের ঘর থেকে বিপুল পরিমাণ নকল সিটি সিগারেট এবং গ্যাস ব্ল্যাক সিগারেটের নকল লেভেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০০,০০০ (তিন লক্ষ) টাকা।
উপস্থিত ব্যক্তিবর্গ ও দণ্ড
অভিযান চলাকালে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই নকল মালামাল রাখার অপরাধে শ্রী উত্তম কুমার মোদককে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত সিগারেট ও নকল লেভেলসমূহ উত্তম কুমারের বাড়ির পূর্ব পাশে খোলা জায়গায় জনসমক্ষে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এবং সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে যারা নকল পণ্য বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাটিতে এ ধরণের জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।।