
মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের কান্দাপাড়া এলাকার খিলাফত হোসেন হাফেজিয়া মাদ্রাসার ৩০ জন এতিম শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (৬ মার্চ ২০২৬) আসরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে এ পাঞ্জাবি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবক ও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ওসমান ভাই এতিম শিক্ষার্থীদের হাতে পাঞ্জাবি তুলে দেন। এ সময় তিনি এতিমদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
পাঞ্জাবি বিতরণের পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় ৫০০ থেকে ৮০০ মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা গাজী গোলাম কিবরিয়া। তিনি ওসমান ভাই, তার মা–বাবা এবং পরিবারের সদস্যদের মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, শেখ বাদশা মিয়া, কাজী আজিয়ার মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ওসমান ভাইয়ের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এমন কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।