বাসের সুপারভাইজার-হেলপারের ছদ্মবেশে মাদক কারবার র্যাবের অভিযানে ৩৯৩ বোতল ফেনসিডিল জাতীয় সিরাপসহ দুইজন গ্রেফতার।
সাপ্তাহিক একুশে : ৭জুলাই ২০২৬
নরসিংদীর মাধবদীতে র্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৩৯৩ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ উদ্ধার এবং বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চাকরির আড়ালে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য হিসেবে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এম আর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের মালামাল রাখার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫০ বোতল স্কাফ ও ২৪৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৩৯৩ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম (২৬) ও হেলপার মো. ফারুক হোসেন সাব্বির (২৩)-কে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বাসের কর্মচারী পরিচয়ের আড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানের মাদক এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মো মোঃদুলাল মিয়া স্টাফ রিপোর্টার নির্বাহী সদস্য :(কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস.