"বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান"
নরসিংদী ৯ জুলাই ২০২৬
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীতে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলেও পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর দিবসটি ৯ জুলাই উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক মো. বদরুল হুদা এবং নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা। দিবসটির তাৎপর্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে উপস্থাপনা করেন সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যেই মানুষের জীবন, কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে দৃশ্যমান। এই সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, পরিবেশ রক্ষা কেবল একটি সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। পরিবেশ সংরক্ষণে আইন মেনে চলার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র দাবদাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব বিশ্বব্যাপী উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ সংকট মোকাবিলায় এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। এর মধ্যে ছিল স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শিল্প-কারখানার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা, প্লাস্টিক বর্জনে উদ্বুদ্ধকরণ, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় ইটিপি নির্মাণ না হওয়া পর্যন্ত বিদ্যমান ইটিপি যথাযথভাবে পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক একুশে নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ সাংবাদিক সংস্থা বি জে এস এস.