
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটে আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় খেলাধুলার সময় একটি ব্যাডমিন্টন কক বিদ্যুতের লাইনের তারে আটকে যায়। পরে ককটি নামানোর চেষ্টা করতে গিয়ে কিশোরটি একটি লোহার রড দিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে।
এতে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত কিশোরের পরিচয় জানা গেছে—সে রাঙামাটি পার্বত্য জেলার রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকার বাসিন্দা সুজিত দাসের পুত্র দুর্জয় দাস (১২)।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঝুলে থাকা বিদ্যুতের তার দ্রুত সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।