
ডাঃ মোঃ জসীম সরদার,নিজস্ব প্রতিবেদক
“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য”—উপমহাদেশের কালজয়ী শিল্পী ভূপেন হাজারীকার এই অমর পঙ্ক্তি যেন বাস্তবে রূপ নিয়েছে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের শেখপাড়ায়।এখানকার একদল মানবিক যুবসমাজ গড়ে তুলেছেন মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত—শেখপাড়া মানবিক ফাউন্ডেশন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের নিঃস্ব,হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সেবামূলক সংগঠনটি।স্থানীয় অসংখ্য মুমূর্ষু ও চিকিৎসাবঞ্চিত রোগীর চিকিৎসা ব্যয় বহনসহ জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করে ইতোমধ্যে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ফাউন্ডেশনটি।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী—চাল,ডাল,তেল,লবণ ও সবজি নিয়মিতভাবে নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।পবিত্র রমজান মাসে অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ,শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও পোশাক প্রদান ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ।
শুধু মানবসেবা নয়,এলাকার অবকাঠামো উন্নয়নেও সক্রিয় শেখপাড়া মানবিক ফাউন্ডেশন।স্থানীয় সড়কের বেহাল দশা লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত,অসহায় শিক্ষার্থীদের বই কেনা ও পরীক্ষার ফরম পূরণের খরচ বহন,পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে সংগঠনটি।শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণও তাদের প্রশংসনীয় উদ্যোগ।
বর্তমানে এলাকার কোনো অসহায় ব্যক্তি বিপদে পড়লে আশপাশের মানুষজন পরামর্শ দিচ্ছেন শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য—যা সংগঠনটির প্রতি জনসাধারণের গভীর আস্থারই প্রমাণ।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সংগঠনের কোষাধ্যক্ষ শেখ মাহবুবুর রহমান রাজ বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আত্মিক এক ধরনের প্রশান্তি পাই।মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে যেন ভালো কাজগুলো কাজে আসে—এ বিশ্বাস থেকেই আমরা মানবসেবায় যুক্ত।”
সংগঠনের সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন,
“নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কীর্তি রেখে যাওয়াই মানবজীবনের চরম সার্থকতা।শেখপাড়া মানবিক ফাউন্ডেশন আগামীতেও ইনশাল্লাহ গরিব ও অসহায় মানুষের পাশে থাকবে।”
নির্বাহী পরিচালক শেখ খুরশিদ আলম জানান,ভবিষ্যতে পাশ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষকে সম্পৃক্ত করে বৃহত্তর পরিসরে মানবসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক শেখ আসাদুল ইসলাম রাজ বলেন,
“বর্তমানে ৩২ সদস্যবিশিষ্ট কমিটি নিয়ে আমাদের কার্যক্রম চলছে।পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং এলাকার গণ্ডি পেরিয়ে বৃহৎ পরিসরে সেবা কার্যক্রম বিস্তৃত করা হবে।”
শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের ধারাবাহিক সেবামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংগঠনটির ভূয়সী প্রশংসা করেছেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
ইতোমধ্যে শেখপাড়া মানবিক ফাউন্ডেশনের মানবতার বার্তা অনলাইন প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে।এভাবেই বেঁচে থাকুক মানবতা,এভাবেই বেঁচে থাকুক মানবিকতা—এই প্রত্যাশাই এখন এলাকাবাসীর।