
মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ এবং জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ, খুলনা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমানের নামে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি এবং খুলনা বিভাগের পাঁচটি জাতীয় পত্রিকার সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান বলেন, “আমাদের সংগঠনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অপপ্রয়াস।”
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ জসীম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী আব্দুল আলীম, দপ্তর সম্পাদক সূরাইয়া আক্তার ঈশিতা, অর্থ বিষয়ক সম্পাদক হাকিম মোঃ শাহাদাত হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রউফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও একুশে নিউজের স্টাফ রিপোর্টার রাজিবুল হাসান রাজীব পৃথক বিবৃতিতে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, খুলনা জেলার পাইকগাছা উপজেলার হাসিমপুর দেবদুয়ার এলাকার মোঃ সিরাজুল ইসলাম গাজী যে মামলা করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে মোঃ সিরাজুল ইসলাম গাজীর বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
এছাড়াও সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নাজমুল আহসান জানান, তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ রেজাউল ইসলামের সঙ্গে ফোনালাপে তিনি জানতে পারেন যে, মামলার বাদী মোঃ সিরাজুল ইসলাম গাজী নিজেই স্বীকার করেছেন—ঘটনার দিন মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।