মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দিয়েছেন খুলনা-০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এমপি। তিনি বলেন, “রমজানে কোনো প্রকার সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করা যাবে না। দ্রব্যমূল্য অবশ্যই সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।”
আজ সকাল থেকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা উপজেলা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে কয়রা বাজার পরিদর্শন করেন। এ সময় বাজারের বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এমপি মাওলানা আবুল কালাম আজাদ ব্যবসায়ীদের সততা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন, যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সুযোগ নিতে না পারে।
তিনি আরও বলেন, বাজার শুধু রমজানেই নয়, সারাবছর স্থিতিশীল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।