
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় প্রতিনিধি দলটি রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সঙ্গে পার্বত্য অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার পার্বত্য অঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অবদানের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ এবং সমাজে বিভ্রান্তিকর তথ্য নিরসনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, “রাঙ্গামাটিতে শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রয়াসে সাংবাদিক সমাজের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, পুলিশের জনবান্ধব উদ্যোগ, উন্নয়নমূলক কার্যক্রম এবং অপরাধ দমনে সাফল্যের পাশাপাশি সমাজের যেকোনো সমস্যা বা অসঙ্গতির তথ্য দ্রুত পুলিশের নজরে আনা প্রয়োজন। গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে সাংবাদিকদের শক্ত অবস্থান একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।
সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা রাঙ্গামাটির ইতিবাচক ও বাস্তব চিত্র দেশ-বিদেশের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে চাই।”
তিনি আশা প্রকাশ করেন, এই পারস্পরিক সহযোগিতা রাঙ্গামাটির স্থিতিশীলতা ও উন্নয়নে একটি শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করবে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মেহেদী ইমাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ আশিকুর রায়হান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ রুস্তম রায়হান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ-অর্থ সম্পাদক মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক আহমদ বিলাল খান এবং কার্যকরী সদস্য অহিদুল ইসলাম অভি।
এই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় প্রত্যাশা ব্যক্ত করেন।