নড়াইল প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও কৃষিকাজের সুবিধার্থে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে ‘জিয়া খাল’ খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের যুবসমাজের আইকন ও বিএনপির শীর্ষ নেতৃত্বের এই দূরদর্শী উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কাজ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং লাহুরিয়া ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন বিপ্লবের মাধ্যমে কৃষিতে অভাবনীয় সাফল্য এনেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে দেশের আপামর জনসাধারণের পানির সংকট দূরীকরণ ও কৃষির উন্নয়নে এই খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ এই জনকল্যাণমূলক কাজ সফলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনকালে লাহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের সাথে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে বেগবান করেন।
খাল খননের এই কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এলাকাবাসী জানান, এই খালটি পুনঃখননের ফলে অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আমন ও বোরো চাষে পানির সমস্যা দূর হবে।