মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলা পরিষদের উদ্যোগে গুম,খুন ও অমানবিক নির্যাতনের শিকার পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।শনিবার(৪ এপ্রিল)দুপুরে নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন-এ আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।তিনি শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যদের প্রতি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও বিপ্লবী সালাম জানান।
গণতন্ত্র পুনরুদ্ধারে ত্যাগের স্বীকৃতি
প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন,গত ১৭ বছর ধরে দেশে গুম ও খুনের যে সংস্কৃতি চালু ছিল,তার লক্ষ্য ছিল জনগণের কণ্ঠরোধ করা।তিনি উল্লেখ করেন,দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ মানুষ যে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে,তা এসেছে অসংখ্য মানুষের আত্মত্যাগ ও স্বজন হারানোর বেদনার বিনিময়ে।
তিনি আরও বলেন,এই আর্থিক সহায়তা কোনো দয়া বা অনুগ্রহ নয়;এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার।অতীতে যারা গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত,তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
৭৩টি পরিবারের মাঝে সহায়তা বিতরণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত)এস এম মনিরুল হাসান বাপ্পী এবং সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান।
খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়।এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে।মোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
মানবিক উদ্যোগে প্রশংসা ও অঙ্গীকার
অনুষ্ঠানে বক্তারা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,জেলা ড্যাব সভাপতি রফিকুল ইসলাম বাবলুসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।