
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
রাত আনুমানিক ১২টার সময় খুলনার পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারে আজিজুর রহমান লিটনের কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং দোকানে থাকা প্রায় ২ লক্ষ টাকার কাপড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দোকানের সাটার ভেঙে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান তারা। এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। দৈনিক পত্রদূতের সাংবাদিক আহম্মাদ আলী (বাচা) ঘটনাস্থল পরিদর্শন করলে স্থানীয়রা এ তথ্য জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী পৌরভাষক আব্দুল মমিন সানা (সাবেক আমির), মাওলানা আব্দুল কুদ্দুস (সাবেক আমির) এবং এস এম নাজির আহমেদ (সাবেক সভাপতি, বিএনপি)।
ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল—দোকানে থাকা পবিত্র কোরআন শরীফের একটি অক্ষরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। আল্লাহর এই কুদরতি নিদর্শন দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজিজুর রহমান লিটন অত্যন্ত ভালো ও অসহায় একজন মানুষ। তাই তারা স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন, যেন তিনি ক্ষতিগ্রস্ত এই কাপড় ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সবশেষে এলাকাবাসী মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, তিনি যেন ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্য দান করেন এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করেন।