রাজিব আহমেদ (রাজু) ব্যুরোচীফ ফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে শামীম বেপারী (৩৩) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সদরপুর থানার চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদপুর সদরপুর আল এহসান ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে (১১) ঔষধি গাছ আনার কথা বলে কাঠবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটান শিশুটির দুলাভাই শামীম বেপারী।পরে মেয়ের মা মাদ্রাসার শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে ভুক্তভোগী কান্নাকাটি করে পুরো ঘটনাটি জানায়। একই দিন মা ও মামা ছত্তার খান মাদ্রাসায় গিয়ে শিশুটির কাছ থেকে বিস্তারিত জেনে পরিবারের সঙ্গে আলোচনা করেন। এরপর ছত্তার খান বাদী হয়ে সদরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর আসামি আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-১০ এর সহযোগিতা চান। অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শামীম বেপারীর বিরুদ্ধে ফরিদপুর সদরপুর থানার মামলা নং—১১, তারিখ—০৮/১১/২০২৫; ধারা—নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) অনুযায়ী মামলা চলছে।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।