
মোঃ আবুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সলঙ্গা (সিরাজগঞ্জ), ৮ জুন ২০২৬: আজ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী লরি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রয়হাটি মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঢ- ৮৪০৪৯৬।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লরিটি পাথর বোঝাই অবস্থায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ভোরে রয়হাটি মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক অচেতন বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে লরিটি সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়।
দুর্ঘটনার ফলে লরিতে থাকা বিপুল পরিমাণ পাথর মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এতে সড়কের উভয় লেন বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। খবর পেয়ে সলঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সড়কে ছড়িয়ে থাকা পাথর অপসারণ এবং দুর্ঘটনাকবলিত লরিটি সরানোর কাজ শুরু হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়দের মতে, চালকদের দীর্ঘ সময় বিশ্রামহীনভাবে গাড়ি চালানো এবং পর্যাপ্ত সতর্কতার অভাব এমন দুর্ঘটনার অন্যতম কারণ। তারা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।
এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া না গেলেও মহাসড়কে কয়েক ঘণ্টা ধরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে