
ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের সাহাপাড়া দেবদুয়ার এলাকায় ঈদ উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত ২ জুন (মঙ্গলবার) রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে কিছু ব্যক্তির কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক রিপনসহ কয়েকজন যুবক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের নজরে আনা হলে তারা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং ৩ জুন বিকেলে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানান।
তবে এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত বৈঠকের আগেই ৩ জুন (বুধবার) সকাল ৭টার দিকে একদল লোক রিপনের বাড়িতে হামলা চালায়। এ সময় রিপন ও তার পরিবারের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে রিপনের মাও রয়েছেন বলে জানা গেছে।
হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে দুপুরের দিকে প্রতিবাদ মিছিল বের করা হয়। একপর্যায়ে সাবু মেম্বারের মোড় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
বর্তমানে আহত রিপন ও তার মা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হোক।