
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
সাভারে পদযাত্রা শেষে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতা আহত না হলেও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শেষে সমাবেশে যোগ দেন। সমাবেশে ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ সমাবেশস্থলে একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে মঞ্চে থাকা দলের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও সমাবেশে উপস্থিত অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরও সমাবেশ চালিয়ে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাভার মডেল থানা অভিমুখে যান। এসময় তারা এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।