
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম. মনিরুল হুদা।
এ সময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২ হাজার ৫০০ জন নির্বাচিত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উন্নতমানের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মোট ৭ হাজার ৭০০টি নারকেল চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ কৃষক এবং ৩৫ শতাংশ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৫টি করে চারা, প্রতিটি চারার জন্য একটি করে লাঠি এবং ৩০ কেজি করে জৈব সার (গোবর) প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে সরকার এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, এ সহায়তা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।