

মোহাম্মদ জাহাঙ্গীর আলম : ঢাকা, ২২ জুলাই: রাজধানীর খিলখেত বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি গ্যাসের সংকট নিরসনের দাবিতে সিএনজি চালকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।বুধবার দুপুর ১টা ২০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন চালকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।চালকেরা জানান, দীর্ঘদিন ধরে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ অপর্যাপ্ত। ফলে যানবাহন চালাতে গিয়ে তাদের চরম সমস্যায় পড়তে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যায় না। এই সংকটের প্রতিকার চেয়ে তারা আন্দোলনে নামেন।অবরোধের কারণে খিলখেত এলাকাসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে চালকেরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, সিএনজি চালকদের এই ধরনের আন্দোলন সম্প্রতি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। তারা সরকারের কাছে দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন।বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএনজি সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এ ধরনের আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।