নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানায় দায়ের করা মামলাটির নম্বর ২০।
নাম উল্লেখ করে যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন—সংগ্রাম (২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)। তাঁদের মধ্যে কয়েকজন কুষ্টিয়া শহর ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের ২ নম্বর গেটের পাশে মাদকদ্রব্য বেচাকেনার তথ্য পেয়ে সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নেয় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করতে যান পুলিশ সদস্যরা।
অভিযোগে বলা হয়েছে, তখন অভিযুক্তরা আরও ৩০ থেকে ৪০ জনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি সদস্যদের ঘেরাও করেন। এ সময় তাঁদের ওপর হামলা, মারধর, সরকারি কাজে বাধা এবং পুলিশের অস্ত্র ও গুলি কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ করা হয়েছে। পুলিশ সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান। পরে আহত তিন পুলিশ সদস্যকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারায় মামলাটি করা হয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।