
সরাইল উপজেলা প্রতিনিধি: সোহরাব আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-সরাইল মহাসড়কে গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে খাদে পড়ে উল্টে গেছে। তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় অলৌকিকভাবে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই অক্ষত রয়েছেন ট্রাকটির চালক।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক ১২টার দিকে মালামাল বোঝাই ট্রাকটি অরুয়াইল-সরাইল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক ছেড়ে নিচে পড়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন।
তবে স্বস্তির বিষয় হলো, দুর্ঘটনাটি তীব্র হলেও ট্রাক চালক বিন্দুমাত্র আঘাত পাননি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। গভীর রাতে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণ করে।