
মোঃ শাহাদাৎ হোসেন
স্টাফ রিপোর্টার
ইসলামের আলোকে নৈতিক চরিত্র গঠন এবং সমাজ থেকে মাদক নামক ব্যাধি দূর করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন। শুক্রবার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশলিয়া জামে মসজিদে পবিত্র জুমার খুতবা প্রদানকালে এই আহ্বান জানানো হয়। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও একজন সম্মানিত সদস্য।
জুমার নামাজপূর্ব বয়ানে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য ও জীবনাচরণ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বিশদ আলোচনা করা হয়। ইসলাম যে সুন্দর ও সুশৃঙ্খল জীবনের পথ দেখায় এবং একজন প্রকৃত ইমানদার যে কখনোই সমাজের বা দেশের ক্ষতির কারণ হতে পারে না, তা গভীরভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়। সবাইকে ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেদের চরিত্রকে আরও সুন্দর ও আদর্শ হিসেবে গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।

খুতবার এক পর্যায়ে সমাজের অন্যতম প্রধান সমস্যা ‘মাদক’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। যুবসমাজের অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিয়ে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সচেতনতা শুরু করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিকল্প নেই।
ইসলামের শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ বুকে ধারণ করে একটি মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।