
মোঃ শাহাদাৎ হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দীর্ঘদিনের ভুল-বোঝাবুঝি ও মান-অভিমান দূর করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতপার্থক্য নিরসন এবং সাংগঠনিক কাজে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অতীতের দূরত্ব কাটিয়ে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমাদ। তিনি আসন্ন নির্বাচনে বাগুলাট ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী।

সমাবেশে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টি গুরুত্ব পায়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নিজেদের মধ্যকার ভুল-বোঝাবুঝি দূর করে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাধারণ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।