
নিজস্ব প্রতিবেদক: এইচ এম শাহীন
জাতীয় দৈনিক একুশে নিউজ
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের বাংলা রেস্তোরাঁয় বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন. এ. মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরোপ্রধান ও আরটিভির প্রতিনিধি আবুল খায়ের, মরহুমের ছেলে ও ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক নিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নোমানুল হক দিপু, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি জালাল আহম্মদ, দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম আরিফ, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী, খবরের আয়নার সম্পাদক ও প্রকাশক মো. মামুনুর রশীদ, এনটিভির ডিজিটাল প্রতিনিধি ইসহাক হাসান, মোহনা টিভির প্রতিনিধি তৌহিদুর রহমান টিটু, এশিয়া টিভির প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক ইব্রাহিম, বাঙ্গরা প্রেসক্লাবের সহসভাপতি হাফেজ নজরুল ও সাংবাদিক মিজান খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান, শিক্ষকতা পেশায় আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টা এবং সাংবাদিকতায় তাঁর নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং সমাজের প্রতি দায়বদ্ধ একজন সচেতন মানুষ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাঁরা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে শহিদুল হকের অবিচল অবস্থান, পেশাগত নিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও আদর্শকে ধারণ করে সাংবাদিকদের পেশাগত সততা, দায়িত্বশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যেতে হবে।
বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল ইসলাম।
ছবির ক্যাপশন: কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শহিদুল হকের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত অতিথি ও সাংবাদিকেরা।