
নরসিংদী শিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত,
বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক প্রোগ্রাম ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার এর তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দফতর, শিবপুরের আয়োজনে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান প্রমুখ। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মানিক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার তথ্য সংগ্রহের জন্য মোট ১২৮ জন তথ্য সংগ্রহকারী ও রিজার্ভ হিসেবে ১৩ জন তথ্য সংগ্রহকারী নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৩ জন সুপারভাইজার ও রিজার্ভ হিসেবে ১ জন সুপারভাইজারসহ মোট ১৪১ জন মূল দায়িত্বে এবং ১৪ জন রিজার্ভ রাখা হয়েছে।
প্রথম ধাপ: ১ম ধাপে দুলালপুর, বাঘাব, আইয়ুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শুমারি শুরু হবে এবং পরবর্তীতে বিশেষায়িত ট্যাব আসার পর এই তিন ইউনিয়নের বাকী ওয়ার্ড সমূহে কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
প্রশিক্ষণ ও ট্যাব প্রদান: ১ম ধাপের শুমারি পরিচালনার জন্য নিয়োজিত ১২ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তাঁদেরকে বিশেষায়িত ট্যাব বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিশেষায়িত ট্যাব হাতে আসা মাত্রই বাকি সকল কর্মীকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে সরাসরি তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত করা হবে।